শিরোনাম

নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনের তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে ২টি হেরে বিপদেই পড়েছে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। তিনে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট।

পাল্লেকেলেতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। ফিফটি পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

পরে নিশাঙ্কাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক। এই দুই ব্যাটারের ৭৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫২ বলে খেলা তার এই ইনিংসটি ১০ চার ও ৫ ছক্কায় সাজানো। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি নিশাঙ্কার দ্বিতীয় সেঞ্চুরি। এদিকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন রত্নায়েক।

তার আগে ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রন জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭০ রান তোলে অস্ট্রেলিয়া। দুনিথ ভেল্লালাগের করা ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। তাতেই থামে ১০৪ রানের জুটি।

মাত্র ২৭ বলে ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন হেড। তার ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। ফিফটির দেখা পান মিচেল মার্শও। তার ইনিংস থামে ৫৪ রানে। ২৭ বলে খেলা ইনিংসে ছিল ৮ চার ও ২টি ছক্কা। এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্রতই সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিন (৭ বলে ৫) ও টিম ডেভিড (৫ বলে ৬)।

পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন জশ ইংলিশ। ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রান করে আউট হলে জুটি ভাঙে। আর ইংলিশের ইনিংস থামে ২২ বলে ২৭ রানে। বাকিরা তেমন কিছু করতে না পারায় ১৮১ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

/টিই/