শিরোনাম

সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশে বিধিনিষেধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) (ছবি: সংগৃহীত)

দেশের ক্রিকেটকে দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বোশিরভাগ সময় সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে নিরাপত্তা শঙ্কা থেকে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে।

গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতা চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না।

/টিই/