শিরোনাম

বাংলাদেশকে নিয়ে যা বললেন উজবেকিস্তানের কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে নিয়ে যা বললেন উজবেকিস্তানের কোচ
উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে (ডানে)। ছবি: সংগৃহীত

‘মাঠের ভেতর র‍্যাঙ্কিং খেলে না, বরং খেলোয়াড়েরাই জয়-পরাজয় নির্ধারণ করে। আমি র‍্যাঙ্কিংয়ের পরিসংখ্যানে বিশ্বাস করি না’- নারী এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এভাবেই নিজের সতর্ক অবস্থান জানান দিলেন উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকলেও (উজবেকিস্তান ৪৯, বাংলাদেশ ১১২), ঋতুপর্ণা-মনিকাদের হালকাভাবে নিচ্ছেন না উজবেক কোচ।

নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হয়েছে আজ (৩ মার্চ)। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে খেলেছে তারা। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়ার।

উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। ম্যাচের দশম মিনিটেই চোটের কারণে মূল গোলকিপারকে হারিয়ে চাপে পড়ে উজবেকিস্তান। প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়েছিল উজবেকরা। তিন গোল করে হ্যাটট্রিক তুলে নেন উত্তর কোরিয়ার মিয়ং ইউ-জং।

প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলই। এই দুই দল মুখোমুখি হবে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে। বাংলাদেশ ম্যাচটি এখন উজবেকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের সামনে। বাংলাদেশের জন্যও হিসেবটা একই রকম।

উত্তর কোরিয়ার কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমরা বিশ্লেষণ শুরু করেছি এবং আজ চীনের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নেবো।’

৬ মার্চ উত্তর কোরিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। সাধারণত শক্তিশালী দলের বিপক্ষে কম শক্তির দল রক্ষণাত্মক বা ‘লো ব্লক’ পদ্ধতিতে খেলে। এ নিয়ে উত্তর কোরিয়ার কোচ রি সং হোকে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে গোল পেতে কিছুটা সমস্যা হতে পারে তার দলের। তবে বাংলাদেশকে হালকাভাবে নেবেন না বলে জানান, ‘রক্ষণ ভাঙতে এবং কাঙ্ক্ষিত গোল পেতে প্রয়োজনে নিজেদের কৌশলে পরিবর্তন আনবো আমরা।’

/টিই/