শিরোনাম

প্রথম বলেই উইকেট নিয়ে যে কীর্তি গড়লেন মাল্লা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রথম বলেই উইকেট নিয়ে যে কীর্তি গড়লেন মাল্লা
অভিষেকে রেকর্ড গড়লেন নেপালের বোলার শের মাল্লা। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, মুম্বাইয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) স্বীকৃত টি-টোয়েন্টিতেই অভিষেক হলো শের মাল্লার। নেপালের এই অফ স্পিনার অভিষেক রাঙালেন প্রথম বলে উইকেট নিয়ে। চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২৩ বছর বয়সী মাল্লা।

ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে তার হাতে বল তুলে দেন নেপাল অধিনায়ক রোহিত পৌডেল। মাল্লার করা প্রথম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন ফিল সল্ট। এজ হয়ে বলটি শর্ট ফাইন লেগে সন্দীপ লামিচানের হাতে যায়। প্রথম বলে উইকেট পেয়ে ভারতের প্রাজ্ঞন ওঝা, হংকংয়ের নাদিম আহমেদ ও স্বদেশি পরশ খাড়কার পাশে বসলেন শের মাল্লা।

ভারতীয় বাঁহাতি স্পিনার ওঝা ২০০৯ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানকে ফেরান প্রথম বলে। ২০১৪ সালে চট্টগ্রামে, হংকং–নেপাল ম্যাচে দুবার এই ঘটনা দেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। নেপালের ইনিংসে হংকংয়ের বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ নিজের প্রথম বলেই তুলে নেন নেপালি ওপেনার সুবাস খাকুরেলকে। হংকং ইনিংসের প্রথম বলে পেস বোলিংয়ে ইরফান আহমেদের উইকেট তুলে নেন পরশ খাড়কা।

ওই ম্যাচে অভিষকে হয়েছিল নেপাল ও হংকংয়ের ২২ খেলোয়াড়ের। দুই দেশই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ওই ম্যাচে।

শেষ পর্যন্ত ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ১৮৪ রান। ৫৫ রান করেন জ্যাকব বেথেল, ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। শের মাল্লা ৩৫ রান দিয়ে ১টি, আইরি ও নন্দন ২টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার পেসার কাসপ্রোভিচের কীর্তিটা ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিং করতে এসেই প্রথম ২ বলে স্টিভেন ফ্লেমিং ও ম্যাথু সিনক্লেয়ারকে আউট করেন কাসপ্রোভিচ।

আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ২ বলেই উইকেট পেয়েছিলেন লকি ফার্গুসন। কিউই পেসার ফার্গুসন ২০১৭ সালে নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে গড়েন এই কীর্তি। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই প্রথম ২ বলেই সাব্বির রহমান ও সৌম্য সরকারকে আউট করেন ফার্গুসন।

ভারতের বিরাট কোহলির নামও আছে তালিকায়। ২০১১ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার এই সংস্করণে বল হাতে নিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান। প্রথম বলটা ছিল ওয়াইড। তবে সেই বলেই স্টাম্পিং আউট হন কেভিন পিটারসেন। যার মানে কোনো বৈধ ডেলিভারির আগেই উইকেট পেয়েছিলেন কোহলি!

/টিই/