শিরোনাম

সাকিবের ফেরার বিষয়ে যা জানা গেলো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সাকিবের ফেরার বিষয়ে যা জানা গেলো
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে লাল-সবুজ জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক। তবে পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর ইফতার মাহফিলে এসেছিলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই তিনি সাকিবকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফারুক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়েছি সাকিব খেলুক। মাঝখানে কিছু কারণে তা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে হবে না এমনটা বলা যাবে না। প্রক্রিয়াটি অনেক দূর এগিয়েছে, খুব শিগগিরই আপনারা হয়তো এ বিষয়ে সুসংবাদ পাবেন।’

সাকিবের দলে ফেরার ক্ষেত্রে মূল বাধা এখন মাঠের বাইরের বিতর্ক ও আইনি জটিলতা। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাকিবের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ফারুক আরও বলেন, ‘সাকিবের ফিটনেস দেখে তাকে নির্বাচন করা আমাদের কাজ। কিন্তু তার নামে যে মামলা বা অন্যান্য ইস্যু আছে, সেগুলো বোর্ডের হাতে নেই। এই জায়গাটিতে সরকারের সহায়তা প্রয়োজন।’

সাম্প্রতিক কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের নাম না থাকলেও বোর্ড তাকে ব্র্যান্ড ভ্যালু ও মাঠের পারফরম্যান্সের কারণে অপরিহার্য মনে করছে। সাকিবকে দেশের ‘সম্পদ’ উল্লেখ করে ফারুক বলেন, ‘সাকিব একটি ব্র্যান্ড। বোর্ড সবসময় চায় ও বাংলাদেশের হয়ে খেলুক। আমার বিশ্বাস, দলের জন্য অবদান রাখার মতো ক্ষমতা ওর এখনো আছে।’

/টিই/