শিরোনাম

মৌমাছির কামড়ে প্রাণ হারালো আম্পায়ার

মৌমাছির কামড়ে প্রাণ হারালো আম্পায়ার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া আম্পায়ারের নাম মানিক গুপ্ত। তিনি দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের সাপ্রু গ্রাউন্ডে চলছিল বয়সভিত্তিক লিগ ম্যাচ। তখন হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ চালায়। এতে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত।

মানিক গুপ্ত। ছবি: সংগৃহীত
মানিক গুপ্ত। ছবি: সংগৃহীত

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনিক গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এসআর/