শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী লড়াই আজ, সম্ভাব্য একাদশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী লড়াই আজ, সম্ভাব্য একাদশ
বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে মাত্র ১১৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ব্যাট হাতে মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র দেখা যায়। বাংলাদেশও ১১৪ রানেই অলআউট হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে পাকিস্তান ১২৮ রানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে।

ফলে আজ (রবিবার) অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই সিরিজে হোম অব ক্রিকেটের উইকেট নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। শুরুতে বড় রানের প্রত্যাশা থাকলেও দুই দলই প্রথম দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আসন্ন একদিনের বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি র‌্যাঙ্কিং উন্নত করার ক্ষেত্রেও এটি বড় সুযোগ।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানা গেছে। ওপেনার সৌম্য সরকারকে নিয়ে আলোচনা থাকলেও তিনি একাদশে থাকছেন না। আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামবে টাইগাররা।

অন্যদিকে পাকিস্তান দলে পরিবর্তন আসছে। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে অলরাউন্ডার হুসাইন তালাত দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ গাজি ঘোরি অথবা লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সালাম, গাজি ঘোরি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

/জেএইচ/