শিরোনাম

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স।

রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, ‘বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে। চার ঘন্টা যাত্রার পর এটি সিঙ্গাপুর পৌঁছাবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাসকে ভর্তি করা হবে।’

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে আনা হয়।

মির্জা আব্বাসের সফরসঙ্গী হয়েছেন সহধর্মিনী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টার অস্ত্রোপচারের পর রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

/জেএইচ/