শিরোনাম

সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি বলেও জানান তিনি।

রবিবার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেটা সংবিধানে ধারণ হবে। তারপর যদি পরিষদ হয়, যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়– সেটা পরের ব্যাপার।’

তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি। এখন জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার পরিষদ) সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা মনে হয় জুডিশিয়ারিতে আছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনা পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই।’

/জেএইচ/