শিরোনাম

বিশ্বকাপের ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সোমবার (২৭ এপ্রিল)। চট্টগ্রামে প্রথম ম্যাচের আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে নানা বিষয়ে কথা বলেছেন লিটন দাস। সেখানে আবারও উঠে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রসঙ্গ।

বাংলাদেশ যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি, আপনারা কি তা থেকে ‘মুভ অন’ করতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’

বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারো করবে জানিয়েছেন অধিনায়ক, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

বিশ্বকাপের পর এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগে দুই বছরের জন্য অধিনায়ক ছিলেন লিটন। এবারও দুই বছরের জন্য দায়িত্ব এসেছে তার কাঁধেই।

২০২৮ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেটির জন্য এখন থেকে দল গোছানোর লক্ষ্য লিটনের, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তা করবো। যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করবো ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’

/টিই/