শিরোনাম

আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক
আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ রানা
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

বাইশ গজে দুর্দান্ত সময় কাটাচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ভয়াবহ তান্ডব চালিয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন এই টাইগার পেসার।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবারই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতছেন নাহিদ। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর পুরুষ বিভাগে আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান পেলেন। সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সবসময় মনে রাখব।

তিনি বলেন, দলের সবাই আমাকে যেভাবে সমর্থন ও বিশ্বাস দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খুব বেশি আলো ছড়াতে পারেননি নাহিদ। ৬৫ রান খরচ করে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে ম্যাচের চিত্রই বদলে দেন এই পেসার।

পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ সৃষ্টি করেন নাহিদ। পরে আরও তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার ৫ উইকেটে ৩২ রানের বিধ্বংসী বোলিংয়ে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখেন নাহিদ। আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে ও ৪.৪৬ ইকোনমিতে। দুর্দান্ত এই পরিসংখ্যানই শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটারের স্বীকৃতি।

/এসবি/