শিরোনাম

‘ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক খবর পাওয়া যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
‘ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক খবর পাওয়া যাচ্ছে’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান (বামে)। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন অনুযায়ী যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং অনিয়ম মনিটরিং করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সিইসি ও ইসি সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। টকশোতে নীতিবাক্য বলেন এমন ব্যক্তিরাও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গণমাধ্যমে খবর, বিশেষ পোশাক এবং জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সিলসহ সরঞ্জাম ধরাও পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ইসির অধিনে। তাই এসব ঘটনা কেনো আগে থেকে নজরে আসছে না।

মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আসা বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কোন ডিসি কোন দলের লোক এমন হিসাব ছড়ানো হচ্ছে। আমরা এটাকে গুজব হিসেবেই দেখতে চাই। তবে কমিশনকে খেয়াল রাখতে হবে যেন কোনো কর্মকর্তার কর্মকান্ড বিশেষ কোনো দলের পক্ষপাতমূলক না হয়। কোনো অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নির্বাচনের দিন সকালে ব্যালট পাঠানোর দাবি থাকলেও দুর্গম এলাকার বাস্তবতায় তা সম্ভব হচ্ছে না বলে জানান এই বিএনপি নেতা।

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা করছি বড় কোনো সমস্যা হবে না।

জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে জানান, এটি অনেক সময় রাজনৈতিকভাবে বড় করে দেখানো হয়। তবে শুধু আইন দিয়ে নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে।

/টিই/