শিরোনাম

ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম
বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দেওয়ার অপচেষ্টা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেনি।

গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একইসঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয় জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা মনে করি, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

এনসিপির আহ্বায়ক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার অপচেষ্টা প্রমাণ করে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।

আবারও রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই- মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে এই অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে আবারও তরুণ প্রজন্ম পরাজিত অপশক্তি দমনে রাজপথে নামবে।’

সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিন।

/বিবি/