শিরোনাম

বিএনপি প্রথম দিনই প্রতারণার আশ্রয় নিয়েছে: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক
বিএনপি প্রথম দিনই প্রতারণার আশ্রয় নিয়েছে: সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। ছবি: সংগৃহীত

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে জনগণের মোহভঙ্গ হতে তিন বছর লেগেছিল। আর বিএনপির ব্যাপারে শহিদ পরিবার, আহত জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণের মোহভঙ্গ হতে এক মাসও লাগেনি। প্রথম দিনই তারা প্রতারণার আশ্রয় নিয়েছে।’

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নে বর্তমান সরকারের টালবাহানার প্রতিবাদে আয়োজিত এ সভায় বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা ভার্চ্যুয়ালি অংশ নেন।

সারোয়ার তুষার আরও বলেন, ‘যেভাবে তারা এক মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এর প্রতিদানও বিএনপির পেতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে যা যা করণীয় আমরা সেই কাজগুলো করব।’

প্রবাসীদের সর্বাত্মকভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে সারোয়ার তুষার বলেন, ‘আপনারা শুধু রেমিট্যান্স যোদ্ধা না, আপনারা বাংলাদেশের রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। এই সরকারের মন্ত্রী-এমপিরা যেখানেই যাবে সেখানেই আপনারা তাদের জবাবদিহিতার আওতায় আনবেন।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, কমিটির সদস্য ইশতিয়াক আকিব, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশে যাবো। যারা শহিদ ও আহত হয়েছেন, এই নতুন বাংলাদেশের স্বপ্ন তারা আমাদের দেখিয়েছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সদ্য নির্বাচিত সরকার জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিলম্ব করছে। আমাদেরকে তারা রাজপথে নামাতে, ক্লান্ত করতে ও হসপিটালে পাঠাতে চান। আমাদের এ ফাঁদে পা দেওয়া যাবে না।’

সভা সঞ্চালনা করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মাদ। ব্যবস্থাপনায় ছিলেন আবু সাঈদ। সভায় বক্তব্য দেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহবায়ক সাইফ ইবনে সারোয়ার, সদস্য সচিব নাজমূল বাশার, এনসিপি ফ্রান্স শাখার আহবায়ক ইফতেশাম চৌধুরী, আমেরিকা শাখার যুগ্ম সদস্য সচিব আজওয়াদ হায়দার, মিডিয়া ও ব্র্যান্ডিং লিড উল্লাস জায়েদ এবং জুলাই গনহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষন বিষয়ক কমিটির সদস্য ওমর ঢালী।

/বিবি/