শিরোনাম

এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে: রাশেদ খান

সিটিজেন ডেস্ক
এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে: রাশেদ খান
বিএনপি নেতা রাশেদ খান। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান তার এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতেছে না, কীভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির।’

তিনি বলেন, ‘জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারতো। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিল না।’

রাশেদ খান তার পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমালোচনা করে লিখেছেন, এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ অতীতে এ বিষয়ে সোচ্চার থাকলেও এখন জামায়াত-শিবিরের কর্মীদের দলে নিচ্ছেন।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাবের মধ্যে রয়েছে।

রাশেদ খান তার পোস্টে আরও লিখেছেন,‘ ৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপি বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে! সেই বসন্তে মানুষ আওয়ামী লীগের শূন্যতা অনুভব করবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে! কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সুযোগ হাত ছাড়া হলো! নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ-আসিফরা।’

/বিবি/