শিরোনাম

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৫ জুন) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ওসমান হাদির সমাধির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’, ‘জানতে চায় জনতা, নাম বলো মমতা’, ‘ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্য উদ্‌ঘাটনের চেষ্টা করা উচিত ছিল। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘ নির্বাচনে পরাজিত প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না।’ আমরা জানতে চাই, আপনারা কত দিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবেন।

তিনি বলেন, জানাজার মাঠেই আমরা বলেছিলাম, শহীদ ওসমান হাদির হত্যার পেছনে দেশি-বিদেশি চক্রান্ত থাকতে পারে। তদন্ত করে দেখুন। কিন্তু তদন্তের নামে এমন ব্যক্তিদের যুক্ত করা হচ্ছে, যাদের কোনো যোগসূত্র তদন্ত প্রতিবেদনে নেই।

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, মমতা ব্যানার্জি বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, এই ঘটনার সঙ্গে ভারত ও বাংলাদেশের কিছু পক্ষের যোগসূত্র রয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি। ফলে এটি এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়েছে। এ কারণে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

তিনি বলেন, আমরা সরকারের ওপর আস্থা রাখতে চাই। আমরা সরকারকে অনুরোধ করছি, যত

দ্রুত সম্ভব শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

/এসবি/