শিরোনাম

মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী
সোমবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সভায় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে তারা কথা বলার অধিকারও ফিরে পেয়েছে, যা এক যুগের বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের মানুষ তাদের রায় দিয়েছে এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানুষের বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। উন্নয়নের নামে প্রতারণা ও লুটপাট করা হয়েছে। অথচ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি সরকার গঠনের প্রথম ১০ দিনের মধ্যেই বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তার মতে, এর ফলে সারা দেশে ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে।

/এমআর/