শিরোনাম

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ
ডিএমপি লোগো। ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৫ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়াই পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কার্যক্রমের কারণে শহরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে রাতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারির ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

/টিই/