শিরোনাম

ইরানি সভ্যতার শক্তি নিয়ে পেজেশকিয়ানের বার্তা

সিটিজেন ডেস্ক
ইরানি সভ্যতার শক্তি নিয়ে পেজেশকিয়ানের বার্তা

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই এক ভিন্নধর্মী বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ৪,৫০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহাসিক আবারকুহ সাইপ্রেস বা জোরোস্ট্রিয়ান সার্ভ গাছের একটি ছবি প্রকাশ করে তিনি এ বার্তা দেন। এর মাধ্যমে বিশ্ববাসীকে ইরানের হাজার বছরের ইতিহাস ও সভ্যতার গভীরতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন পেজেশকিয়ান।

পোস্টে প্রাচীন আবারকুহ সাইপ্রেস গাছের ছবিটি জুড়ে দিয়ে তিনি লেখেন, এশিয়ার প্রাচীনতম জীবিত উদ্ভিদ ঐতিহাসিক গাছটি এমন এক মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে, যেটা প্রাচীনকালেও ইরান নামেই পরিচিত ছিল। বিশ্লেষকদের মতে, এই পোস্টের মাধ্যমে তেহরান মূলত এটিই স্পষ্ট করতে চেয়েছে ইরানের অস্তিত্ব ও ইতিহাস অত্যন্ত সুগভীর এবং একে সহজে উপড়ে ফেলা সম্ভব নয়। পারস্যের হাজার বছরের ঐতিহ্য সম্পর্কে বিশ্বজুড়ে যারা অজ্ঞ, তাদের সচেতন করতেই প্রেসিডেন্ট এ প্রতীকী বার্তা দিয়েছেন।

সার্ভ-ই আবারকুহ নামে পরিচিত এ সাইপ্রেস গাছটি ইরানের ইয়াজদ প্রদেশের আবারকুহ এলাকায় অবস্থিত। উদ্ভিদবিজ্ঞানীদের মতে, গাছটির বয়স আনুমানিক ৪,০০০ থেকে ৪,৫০০ বছর। এটি কেবল এশিয়ারই প্রাচীনতম জীবিত জীব নয়, বরং গোটা পৃথিবীর প্রাচীনতম জীবন্ত উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম। বিশাল আকৃতির গাছটি উচ্চতায় প্রায় ২৫ মিটার (৮২ ফুট) এবং এর কাণ্ডের পরিধি বা বেড় প্রায় ১১.৫ মিটার (৩৮ ফুট)। গত ৪ সহস্রাব্দ ধরে এর সতেজতা ও বিশালতা অপরিবর্তিত রয়েছে, যা বর্তমান সংকটে ইরানের দীর্ঘস্থায়ী অস্তিত্বের এক অনন্য প্রতীক হিসেবে হাজির করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/