শিরোনাম

ইসরায়েলের ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেছেন, ইসরায়েলের তৈরি কৌশলগত ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ওয়াশিংটন পশ্চিম এশিয়ায় অবশিষ্ট বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে। রবিবার (১৭ মে) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরকে বন্ধ্যা কূটনীতি এবং সেখান থেকে খালি হাতে দেশে ফেরাকে ওয়াশিংটনের হিসাব-নিকাশের সংকট বলে আখ্যায়িত করেন তিনি।

বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও চীনা কোম্পানিগুলোর ইরানি তেল কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। তবে বৈঠক নিয়ে শি জিনপিং সরাসরি কোনো মন্তব্য করেন নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধের তীব্র সমালোচনা করে বলেছে, এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

ওয়েলায়তি তার বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের ক্ষোভ এবং পেন্টাগনের ত্রুটিপূর্ণ তথ্য উপাত্তের বিষয়টিকেও মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত সংকটের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের উসকানিতে ট্রাম্পের এ হুমকি মূলত একটি ঐতিহাসিক ভুল। ইসরায়েলের দড়িতে ভর করে এই গর্তে নামার জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। এর ফলে শিগগিরই পশ্চিম এশিয়ায় নিজেদের গ্রহণযোগ্যতার অবশিষ্টাংশ খুঁজতে মার্কিন প্রশাসনকে লণ্ঠন নিয়ে বের হতে হবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়, যেখানে ইরান মার্কিন সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ১০ দফা প্রস্তাব দিয়েছিল। বর্তমানে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকায় যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ও মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমানে বেড়েছে। তবে দেশের অর্থনৈতিক সংকট নিয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছেন না। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটাই তার একমাত্র লক্ষ্য।

সূত্র: প্রেস টিভি

/এমএকে/