হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির
ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামি

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেছে সৌদি আরব। পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামি। সৌদিয়া এয়ারলাইন্সের এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে।

একটি পৃথক শোকবার্তায় রাষ্ট্রীয় বিমান সংস্থাটি নিহত পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা ও তার পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায়। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে, ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে এবং তাদের ও পরিবারগুলোকে প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) নিশ্চিত করেছে, বৃহস্পতিবার বিমানবন্দরে সংঘটিত দুটি হামলায় তিনজন সৌদি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথম হামলাটি চালানো হয়েছিল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকে টার্গেট করা হয়।

এ চরম প্রতিকূলতার মধ্যেও সৌদিয়া নিশ্চিত করেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বর্তমানে তারা ফ্লাইটের সময়সূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে তাদের নিজস্ব আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই নিয়মিত যোগাযোগ রাখছে।

সূত্র: সৌদি গেজেট

/এমএকে/