শিরোনাম

হঠাৎ হাসপাতালে নেতানিয়াহু, ইসরায়েলজুড়ে বিতর্ক

সিটিজেন ডেস্ক
হঠাৎ হাসপাতালে নেতানিয়াহু, ইসরায়েলজুড়ে বিতর্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হঠাৎ করে জেরুজালেমের একটি হাসপাতালে নেওয়া হলে দেশটিতে তার স্বাস্থ্য নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে হদাসা এইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেে জানানো হয়, কেবল দাঁতের চিকিৎসার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে রাতেই নিজ বাসভবনে ফিরে গেছেন।

৭৬ বছর বয়সী ইসরায়েলি নেতার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চরম বিতর্ক ও সমালোচনা চলছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন রাখায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গত মাসেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু প্রথম জানান, তিনি প্রস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফলভাবে রেডিয়েশন থেরাপি নিয়েছেন। তথ্যটি আগে প্রকাশ না করার কারণ হিসেবে তিনি দাবি করেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান এ খবরটিকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে পারতো। তবে ঠিক কবে তিনি আক্রান্ত হয়েছিলেন বা কখন তার চিকিৎসা শুরু হয়েছিল, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এমন লুকোচুরির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়, যদিও সেই সময় প্রথমে ডিহাইড্রেশনের কথা বলে প্রকৃত সমস্যা গোপন করার চেষ্টা করেছিল তার দপ্তর। পাশাপাশি ২০২৪ সালে হার্নিয়া ও প্রস্টেট অস্ত্রোপচারের সময়ও তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করা হলেও সেটি অত্যন্ত সংক্ষিপ্ত ও অস্পষ্ট হওয়ায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। দেশটির বহু নাগরিক এখন মনে করছেন, সরকার প্রধানের প্রকৃত স্বাস্থ্যগত পরিস্থিতি জনসাধারণের কাছ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লুকানো হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/