শিরোনাম

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আল মায়াদিন

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (৯ জুন) রাতের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত রাতের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা চলমান যুদ্ধবিরতির স্থায়িত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে এটি যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও মারাত্মকভাবে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পেজেশকিয়ান ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির একটি বার্তা স্মরণ করেন। রাষ্ট্রপতি জানান, খামেনি জীবিতাবস্থায় বারবার এ ‘যুদ্ধহীন ও শান্তিশূন্য’ পরিস্থিতি সমাধানের ওপর জোর দিয়েছিলেন এবং বর্তমান সংকট থেকে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হিসেবে আলোচনার পথকেই নির্দেশ করেছিলেন।

পেজেশকিয়ান তার বিবৃতিতে সাবেক সর্বোচ্চ নেতার সাথে অতীতের আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আলোচনা ছাড়া এ জটিল পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। আর এ বাস্তবতার ওপর ভিত্তি করেই খামেনি আলোচনার অনুমতি দিয়েছিলেন। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের অর্থ কোনোভাবেই দেশের সার্বভৌমত্বের সাথে আপস করা নয়। তিনি বলেন, শত্রু পক্ষ যদি ইরানের মর্যাদা, মাটি ও ভূখণ্ড লঙ্ঘন করতে চায়, তবে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বা পিছু হটবে না। শত্রুদের এমন স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/