শিরোনাম

যেভাবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

সিটিজেন ডেস্ক
যেভাবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান
মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরান।

রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক ভাষণে দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের নিজস্ব ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তার এ দাবি মিথ্যা। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি তার প্রমাণ।’

জুলফাগারি বলেন, ‘কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে।’

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। প্রথমটি এফ-৩৫ যুদ্ধবিমান বলে দাবি করা হলেও পরে দেখা যায় এটি এফ-১৫ই মডেলের মার্কিন যুদ্ধবিমান। এটি ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত হয়। দ্বিতীয়টি এ-১০ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান। এটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। ইব্রাহিম জুলফাগারি সম্ভবত এই যুদ্ধবিমানের কথা বলেছেন।

সূত্র: আল জাজিরা ও বিবিসি

/জেএইচ/