শিরোনাম

যুদ্ধের ক্ষত কাটিয়ে ইরানে ৭৭৫ স্কুল মেরামত

সিটিজেন ডেস্ক
যুদ্ধের ক্ষত কাটিয়ে ইরানে ৭৭৫ স্কুল মেরামত
২৮শে ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি স্কুলে ইসরায়েলি হামলার পর জনগণ এবং উদ্ধারকারী বাহিনী কাজ করছে। ছবি: রয়টার্স

যুদ্ধকালীন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের স্কুলগুলোর পুনর্গঠন কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে জানা গেছে, মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মোট ১,৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে ৭৭৫টির মেরামত সম্পন্ন হয়েছে।

ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী জানান, হামলায় প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল সবচেয়ে বেশি।

তিনি বলেন, যেসব স্কুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সংস্কারকাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

কাজেমী আরও জানান, চলমান সংঘাতের মধ্যেও শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়নি। পরিস্থিতি অনুযায়ী কোথাও সরাসরি ক্লাস, আবার কোথাও দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান চালু রাখা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত টেলিভিশনভিত্তিক ‘ইরান টেলিভিশন স্কুল’-এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক সহায়তার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণসভা আয়োজন করা হয়েছে। নিহতদের অধিকাংশই ছিলেন ছাত্রী ও তাদের শিক্ষিকা।

সূত্র: আল জাজিরা

/এমআর/