শিরোনাম

পেপ্যাল আসছে বাংলাদেশে, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পেপ্যাল আসছে বাংলাদেশে, জানালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন সংস্থা ও দপ্তর নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পাঁচ বছরে এক হাজার নতুন ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনা নিয়েছে। একই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে সাড়ে সাত হাজার ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান জানান, দেশে পেপ্যালের কার্যক্রম চালু করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় এক হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল অ্যাপ উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার নিরাপত্তা বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও চালু করা হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

/এসএ/