দাশেরকান্দিতে পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণসহ ১৬ প্রকল্প একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দাশেরকান্দিতে পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণসহ ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকার পয়োবর্জ্য শোধনে ১৪০ কিলোমিটার দীর্ঘ সংগ্রহ লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলাকার পয়োবর্জ্য সরাসরি দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নিয়ে শোধন করা হবে। এ প্রকল্পসহ মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সোয়া ১টায়।

সংশ্লিষ্টদের দাবি, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

অনুমোদন পাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এ ছাড়া জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্প রয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

১৪০ কিলোমিটার পয়োলাইন নির্মাণে দূষণ কমবে গুলশান-বনানীর লেকে

দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের মাধ্যমে ১৪০ কিলোমিটার পয়োলাইন নির্মাণের পাশাপাশি ছয়টি পয়োলিফটিং স্টেশন স্থাপন, পয়ঃক্লিন যন্ত্রপাতি কেনা ও ভূমি উন্নয়ন করা হবে।

ঢাকা ওয়াসার পরিকল্পনা অনুযায়ী, গুলশান, বনানী, মহাখালী, বারিধারা, কালাচাঁদপুর, জোয়ারসাহারা এবং বাড্ডার শাহজাদপুর ও মেরুল বাড্ডায় পয়োবর্জ্য সংগ্রহের লাইন নির্মাণ করা হবে। এসব এলাকার বর্জ্য বিদ্যমান পয়োনিষ্কাশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে হাতিরঝিল এলাকা হয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পাঠানো হবে।

বর্তমানে এসব এলাকার বিভিন্ন ভবনের পয়োবর্জ্য যথাযথভাবে শোধন না করেই ড্রেন ও জলাশয়ে ফেলা হচ্ছে। গুলশান, বনানী ও বারিধারা লেক হয়ে এসব বর্জ্য হাতিরঝিলে গিয়ে পড়ছে। ফলে লেকগুলোর পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি হাতিরঝিলের পরিবেশও দূষিত হচ্ছে। অনেক জায়গায় জলাশয়ের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে পয়োবর্জ্য শোধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পয়ঃসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি গুলশান, বনানী ও বারিধারা লেকসহ আশপাশের জলাশয়ে অপরিশোধিত বর্জ্য পড়া কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে– দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন এবং সেচ সুবিধা বাড়ানো। এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে। ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও অনুমোদন পেয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।

সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরো ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ আরও অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

/এফআর/