শিরোনাম

ইরান যুদ্ধ: নিখোঁজের দুদিন পর মার্কিন পাইলট উদ্ধার

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ: নিখোঁজের দুদিন পর মার্কিন পাইলট উদ্ধার
এফ১৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তিনি এখন নিরাপদে দেশটির বাইরে রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমান ভূপাতিত হওয়ার পর ওই পাইলট প্রায় দুই দিন ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে ছিলেন। পরে মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীর পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী অংশ নিয়েছিল।

রাতের অন্ধকারে পরিচালিত এই উদ্ধার অভিযান শেষে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষও ওই এয়ারম্যানের সম্ভাব্য অবস্থান সম্পর্কে অবগত ছিল। যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন জানিয়েছেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এতে অংশ নেওয়া সেনাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়েছিল। উদ্ধার সম্পন্ন হলেও কিছু সময় পর্যন্ত ওই পাইলট এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল।

তিনি বলেন, উদ্ধার হওয়া পাইলট এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন। তিনি আর কোনো ঝুঁকিতে নেই।

/এসবি/