শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিতে মঙ্গলবাঁর (১৮ আগস্ট) থেকে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন এ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে বিকাশ, নগদসহ অনুমোদিত মোবাইল আর্থিক সেবা ব্যবহার করা যাবে।

মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে। এ ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

এ পদক্ষেপ কার্যকরে যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।

/এসবি/