শিরোনাম

হরমুজ প্রণালি সচলে ইরান-ওমানের বৈঠক

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি সচলে ইরান-ওমানের বৈঠক
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

শনিবার (৪ এপ্রিল) হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ওমান ও ইরানের মধ্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ বৈঠকে উভয় দেশের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং বিদ্যমান পরিস্থিতিতে সমুদ্রপথটি সচল রাখতে বিভিন্ন বিকল্প প্রস্তাব ও রূপকল্প নিয়ে আলোচনা করেছেন।

বর্তমানে ইরান ওমানের উপকূলের কাছাকাছি একটি করিডোর তৈরি করে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিলেও লয়েডস লিস্টের তথ্যমতে, ওমানের তিনটি বড় জাহাজকে নির্ধারিত সীমানার বাইরে দিয়ে চলাচল করতে দেখা গেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওমানের সাথে প্রণালির যান চলাচল পর্যবেক্ষণের জন্য একটি খসড়া প্রোটোকল তৈরি করা হচ্ছে। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান বিশ্বের মোট এক-পঞ্চমাংশ তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এ জলপথটিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। এর ফলে পারস্য উপসাগরে বর্তমানে প্রায় ৩,০০০ বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে। এ অচলাবস্থার কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করা হলে ইরানকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি মার্কিন বিশেষ দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে আলাপ করেছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের বিস্তার পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে এবং ট্রাম্প যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় না আসেন, তবে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে পড়বে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/