শিরোনাম

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান। ফাইল ছবি

ইরানের আকাশসীমায় নিজেদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা পাইলট ও ক্রুরা নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

তবে ভূপাতিত বিমানটি অত্যাধুনিক এফ-৩৫ নাকি এফ-১৫ মডেলের এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ওই কর্মকর্তা।

নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে অভিযান চালাচ্ছে পেন্টাগন । এতে ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং হারকিউলিস-১৩০ পরিবহন বিমান। ইরানের সংশ্লিষ্ট এলাকায় আকাশ ও স্থলপথে তল্লাশি চলছে বলে জানা গেছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা মার্কিন উদ্ধার অভিযান প্রতিহত করেছে। তেহরানভিত্তিক আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে। তাদের ভাষ্য, বিধ্বস্ত বিমানের পাইলট বা ক্রুরা এখনো মার্কিন বাহিনীর নাগালের বাইরে।

এদিকে ফার্স নিউজের এক সংবাদ উপস্থাপক সম্প্রচারে বলেন, ‘শত্রু পাইলটকে’ ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।

তবে বিমানটি ইরানের কোন এলাকায় বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নিখোঁজ পাইলটদের অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে আকাশপথে আধিপত্য ধরে রাখতে সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে মার্চ মাসে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

/এমআর/