শিরোনাম

হামের প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

সিটিজেন ডেস্ক
হামের প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল
ছবি: বাসস

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি স্থগিত করা হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দেশে হামের টিকাদানের কভারেজ ছিল ৫৭.১ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এমআর-১ ও এমআর-২ টিকার কভারেজ ৯০ শতাংশের কাছাকাছি থাকলেও ২০২৫ সালে তা ৬০ শতাংশের নিচে নেমে আসে।

বাংলাদেশ ২০২০ সালের মধ্যে হাম নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছিল। পরে তা বাড়িয়ে ২০২৬ সাল করা হয়। তবে বর্তমানে দেশ হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

/এমআর/