শিরোনাম

‘২ মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে অনেক মানুষকে’

কুমিল্লা সংবাদদাতা
‘২ মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে অনেক মানুষকে’
কুমিল্লার লাকসামে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে। বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।

/এফসি/