শিরোনাম

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা

সিটিজেন ডেস্ক
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলি নাগরিকদের মধ্যে, বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার আবেদ আবু শাদেহ এ তথ্য জানিয়েছেন।

শাদেহর মতে, উত্তর ইসরায়েলের মানুষ যারা দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর আক্রমণের মুখে ছিল, তারা এ যুদ্ধবিরতির খবরে মোটেও সন্তুষ্ট হতে পারেনি। প্রথমত, ইসরায়েলিরা বিস্মিত হয়েছে যে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সামরিক সক্ষমতা বজায় রাখতে এবং জোরালো লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতি ইসরায়েলি সরকারের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। শাদেহ উল্লেখ করেন, ইসরায়েলি জনগণকে বারবার পরিপূর্ণ বিজয় এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং আশ্বাস দেওয়া হয়েছিল যে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননকে একটি নিরাপদ বাফার জোনে পরিণত করবে। কিন্তু বাস্তবে ইসরায়েলি সেনারা তা করতে ব্যর্থ হয়েছে, যা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

এ যুদ্ধবিরতির ফলে অনেক ইসরায়েলি এখন মনে করছেন তাদের নিজস্ব সরকার তাদের কাছে সত্য গোপন করেছে এবং মিথ্যাচার করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়েও ইসরায়েলি জনমনে প্রবল ধোঁয়াশা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। ইরান ও পাকিস্তান আগেই উল্লেখ করেছিল, এ যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত রয়েছে, যদিও শুরুতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করতে অস্বীকার করেছিল। শাদেহ আরও জানান, এ পুরো প্রক্রিয়ায় ইসরায়েলিদের জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল সংবাদটি জানার মাধ্যম। ইসরায়েলি কোনো নেতার বদলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রথম যুদ্ধবিরতির কথা জানতে পেরে সাধারণ জনগণ তাদের সরকারের প্রতি চরম অনাস্থা প্রকাশ করছে। শাদেহর বিশ্লেষণে উঠে এসেছে, সরকারের অসম্পূর্ণ প্রতিশ্রুতি এবং তথ্যের লুকোচুরি ইসরায়েলি জনমনে এখন এক ধরনের প্রতারিত হওয়ার অনুভূতি তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/