শিরোনাম

ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কাঙ্ক্ষিত কোনো চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তান সফরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ট্রাম্প আরও জানান, দুই দেশের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানে গিয়ে এই চুক্তিতে চূড়ান্ত সীলমোহর দিতে তার কোনো আপত্তি নেই। পাকিস্তানের প্রশংসা করে ট্রাম্প বলেন, পাকিস্তান চমৎকার কাজ করছে এবং চুক্তিটি যদি ইসলামাবাদে সই হয়, তবে আমি সেখানে যেতে পারি।

বর্তমানে ইরানের সব বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে এবং আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। গত সপ্তাহে ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার আলোচনা ফলপ্রসূ না হলেও পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওয়াশিংটন ও তেহরান দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নিচ্ছে, যদিও এর দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাহির আনদ্রাবি আল-জাজিরাকে জানান, মধ্যস্থতাকারী হিসেবে তারা আলোচনার গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিনিধি দলের আকার বা গতিবিধি সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, ওয়াশিংটনে এক সফল বৈঠকের পর ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ যুদ্ধবিরতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা হ্রাসে একটি ইতিবাচক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলি হামলা চলমান ছিল এবং এই যুদ্ধবিরতি নিয়ে দেশগুলোর মধ্যে মতভেদ থাকলেও বর্তমান এই সমঝোতাকে পুরো অঞ্চলের সংঘাত নিরসনে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য হিল

/এমএকে/