শিরোনাম

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সিটিজেন ডেস্ক
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাঙালির স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে অনন্য এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে সরকারিভাবে নানা আয়োজন থাকলেও, এবার কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় সরকার শপথ গ্রহণ করে, যা মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়।

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি মনোনীত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন এম এ জি ওসমানী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন এবং ওই দিন থেকেই বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। এ সরকারের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। ইতিহাসের পাতায় অম্লান দিনটি বাঙালির মুক্তি সংগ্রামের এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে চিরস্থায়ী হয়ে আছে।

/এমএকে/