শিরোনাম

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২
নিহত শিশু আতিকা। ছবি: সংবাদদাতা

মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনি নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু আতিকা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গণপিটুনিতে ২ ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার বনপারিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার বনপারিল এলাকার অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া। শিশু আতিকা একই এলাকার দুদুল মিয়ার মেয়ে।

এর আগে বৃহস্পতিবার বিকালে বনপারিল এলাকার একটি ভুট্টা খেত থেকে শিশু আতিকার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে শিশু আতিকা নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় ‍শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরিবারের অভিযোগ, শিশুটির স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

হত্যায় জড়িত সন্দেহে শিশুটির স্বজনরা অটোচালক পান্নু মিয়া, তার ভাই ফজলু মিয়া ও ছেলে নাজমুল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এর ফলে পান্নু, ফজলু ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজমুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর শিশু আতিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/