শিরোনাম

ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক
ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
ইরানগামী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

অবরোধ অমান্য করে গন্তব্যে যাওয়ার চেষ্টার জেরে মার্কিন সামরিক বাহিনীর ছোড়া হেলফায়ার ক্ষেপণাস্ত্রে ‘লিয়ান স্টার’ নামের একটি বাণিজ্যিক জাহাজ পুরোপুরি বিকল হয়ে পড়েছে। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জাহাজটির গতিপথ শনাক্ত করে এবং বারবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় এই হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের অবরোধ লঙ্ঘনের বিষয়টি স্মরণ করিয়ে অন্তত ২০ বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত না করায় বাধ্য হয়ে একটি মার্কিন সামরিক বিমান থেকে জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলায় জাহাজটির চলাচলের সক্ষমতা নষ্ট হয়ে যায় এবং সেটির ইরানযাত্রা কার্যত সেখানেই থমকে যায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো ঘোষিত অবরোধের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা। আর এ উদ্দেশ্য সফল করতে এখন পর্যন্ত মোট পাঁচটি বাণিজ্যিক জাহাজের চলাচল অক্ষম করে দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর সতর্কতা জারির মাধ্যমে আরও ১১৬টি জাহাজকে তাদের নির্ধারিত রুট পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এদিকে এ উত্তেজনাকর পরিস্থিতির পর এখন পর্যন্ত আক্রান্ত জাহাজটির মালিকপক্ষ বা ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

/এমএকে/