শিরোনাম

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি
পদ হারােনো ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়া।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হওয়ার সময় প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

শনিবার (৩০ মে) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আব্দুর রহিমকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে আব্দুর রহিম ভূঁইয়াসহ কয়েকজন নেতাকর্মীর বাগবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

/এমএকে/