শিরোনাম

তারেক রহমানের দলে লুটপাটের কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল সংবাদদাতা
তারেক রহমানের দলে লুটপাটের কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান শাসনামলে কোনো ধরনের দুর্নীতি ও লুটপাট বরদাশত করা হবে না। শনিবার (৩০ মে) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং অনিয়ম করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করার দিন শেষ। এটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দল, যেখানে বর্তমান নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো দুর্নীতি করা যাবে না এবং কাউকে করতেও দেওয়া হবে না। অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি পরিষ্কার বার্তা দেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি বা জোরপূর্বক ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বিগত সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। তাই কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে উঠে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর এক দুর্ভিক্ষপীড়িত দেশকে মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ চাল রপ্তানি শুরু করে এবং আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে চীনে বীরোচিত সম্মান লাভ করে। এছাড়া পোশাক শিল্পের বিকাশে কোরিয়ায় কর্মী পাঠানো এবং ইরি ধানের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তিনি।

তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের শাসক নয় বরং সেবক হিসেবে কাজ করছে। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা স্ব স্ব দপ্তরে এসি ব্যবহার না করে মিতব্যয়িতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/এমএকে/