শিরোনাম

সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের হামলা

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের হামলা
আদ-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের হামলার শিকার হন সাংবাদিকরা।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাপক বাধা ও হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের ওপর এই অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, হাসপাতালটিতে সম্প্রতি একযোগে ছয় শিশুর মৃত্যুর ঘটনা এবং ভেতরে অবৈধ বেকারির সন্ধান পাওয়ার খবরে সেখানে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রীর পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সবকটি প্রবেশমুখ বন্ধ করে দেয় এবং ১ নম্বর গেটের সামনে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের মোতায়েন করে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব সদস্যরা হাসপাতালে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ ও হামলা শুরু করে। পরবর্তীতে হাসপাতালের সিনিয়র ম্যানেজার দৃশ্যপটে হাজির হলেও নিজের কর্মীদের এমন অপেশাদার ও সহিংস আচরণের কোনো সদুত্তর দিতে পারেননি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির ভেতরে থাকা বেকারি পরিদর্শন করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি জানান, সম্পূর্ণ অনিয়ম ও চরম নোংরা পরিবেশের মধ্য দিয়ে এই বেকারিটি চালানো হচ্ছিল। কোনো প্রকৌশলী ছাড়াই মাত্র দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে এটি পরিচালিত হতো, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিয়মবহির্ভূত। মন্ত্রী আরও জানান, হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এই অনিয়মের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটি আগামী ৩ জুন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

/এমএকে/