শিরোনাম

আসিফ-হাসনাত রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

কুমিল্লা সংবাদদাতা
আসিফ-হাসনাত রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
আলোচনা সভায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা মোস্তাক মিয়া এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, আসিফ মাহমুদ মুরাদনগরের নামে ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের নামে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়কের সমালোচনা করে তিনি বলেন, মুখে আদর্শের কথা বললেও অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন তাদের প্রকৃত ভূমিকা ছিল সম্পূর্ণ দ্বিমুখী। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিনের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যের শেষাংশে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মোস্তাক মিয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং দলীয় নেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ বর্তমানে সামনের দিকে অগ্রসর হচ্ছে। বিগত সময়ের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তারেক রহমানের সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। মোস্তাক মিয়া জানান, দলীয় প্রধান প্রতিদিন সকাল ৯টায় অফিসে উপস্থিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন। এমনকি ঈদুল আজহার দিনটিতেও পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে তিনি সশরীরে ঢাকার দুই সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বে অবহেলার কারণে দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেন। শীর্ষ নেতার এ সততা ও একাগ্রতা থেকে শিক্ষা নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

/এমএকে/