শিরোনাম

ইরাকে অপহৃত মার্কিন নারী সাংবাদিককে মুক্তি

সিটিজেন ডেস্ক
ইরাকে অপহৃত মার্কিন নারী সাংবাদিককে মুক্তি
মার্কিন নারী সাংবাদিক শেলি কিটেলসন। ছবি: আল জাজিরা

ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহৃত মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসনকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুক্তির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪৯ বছর বয়সী কিটলসনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে কাতাইব হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ইরাক ত্যাগের শর্তে এ সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত ৩১ মার্চ বাগদাদ থেকে কিটলসন অপহৃত হয়েছিলেন।

মার্কো রুবিও এক বিবৃতিতে উল্লেখ করেন, কিটলসনের মুক্তি বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। সাংবাদিকের মুক্তি নিশ্চিতে সহায়তার জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে অপহরণের ঘটনার সময় ইরাকের নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধাওয়া করে তাদের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনার প্রেক্ষিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বিদেশিদের অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

পেশায় ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন মূলত ইতালির রোমে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাত নিয়ে কাজ করছেন। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটরের নিয়মিত লেখক হিসেবেও পরিচিত। বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সহায়তায় ইরাক তার ত্যাগ করার প্রক্রিয়া চলছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/