শিরোনাম

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান
ইরানের প্রতিরক্ষা বাহিনীর মহড়ার কারণে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করা হয়। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ, হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ খবর নিশ্চিত করেছে।

একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং মহড়া শেষে এটি পুনরায় খুলে দেওয়া হবে।

তবে মহড়ার সমাপ্তির সময় সম্পর্কে কোনো তথ্য বা ইঙ্গিত আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

গত মঙ্গলবারই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন রেভোল্যুশনারি গার্ডের কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি। তিনি জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করা হবে এবং যতদিন এই মহড়া চলবে, ততদিন বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।

বিবৃতিতে আলীরেজা তাঙ্গসিরি বলেন, ‘বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেওয়া হবে তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

সূত্র: এপি

/জেএইচ/