এক্সপ্লেইনার

ট্রাম্প-শি-পুতিনের বৈঠক: কোন পক্ষ কী চায়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ট্রাম্প-শি-পুতিনের বৈঠক: কোন পক্ষ কী চায়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের শেনজেনে বসতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস ও ওয়াশিংটন ইতোমধ্যেই ট্রাম্পের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের ভাষ্যমতে, এ বৈঠকের মূল লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। তবে বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন পুরো বিশ্বই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থমকে আছে। এর পাশাপাশি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়েন তো আছেই।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন বলেন, আমার মনে হয়, আমরা ট্রাম্পের কাছ থেকে অনেক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের পাশাপাশি বেশ কিছু চিত্তাকর্ষক ফটো সেশনও দেখতে পাব। তার মতে, এই তিন পক্ষ সম্মিলিতভাবে বা এককভাবে, ইরান বা ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে সক্ষম নয়।

কোলাজ: সিটিজেন জার্নাল
কোলাজ: সিটিজেন জার্নাল

আলোচ্যসূচিতে কী আছে

তিন নেতার নিজস্ব আলাদা এজেন্ডা থাকলেও কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যা নিয়ে সবাই কথা বলতে চাইবেন।

প্রথমেই থাকছে নতুন পারমাণবিক চুক্তির প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। ২০১০ সালে স্বাক্ষরিত চুক্তিটি দুই দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সীমিত রাখত। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে, এরপরই যুক্তরাষ্ট্র। তবে চীনও খুব দ্রুত নিজেদের অস্ত্রাগার বড় করছে। চুক্তির মেয়াদ বাড়ানোর রুশ প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়ে চীনকে যুক্ত করে একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তির দাবি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু চীন এমন কোনো চুক্তিতে যেতে রাজি নয়, যেটি তৈরিতে তাদের কোনো ভূমিকা ছিল না। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আশা করি না।

দ্বিতীয় বড় বিষয় হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে আপাতত বড় কোনো হামলা না চললেও পরিস্থিতি পুরোপুরি অচলাবস্থায় আছে। একশো দিনেরও বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। ইরানি হামলা ও সমুদ্র-মাইনের কারণে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল না করতে পারায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অস্থির হয়ে আছে। যুদ্ধের আগে চীনের মোট অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশ আসত এইপথ দিয়ে। চলমান সংকট চীনের রপ্তানিতেও ধাক্কা দিয়েছে। উল্টোদিকে, ডিজেলের তীব্র সংকট সামাল দিতে ওয়াশিংটন সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করায় রাশিয়া বেশ লাভবান হয়েছে।

তৃতীয়ত, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাও আলোচনায় থাকবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালানোর মাইক্রোচিপ নিয়ন্ত্রণের লড়াই দুই দেশের সম্পর্ককে তিক্ত করে তুলেছে। গত বছর ট্রাম্প চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক বসালে পাল্টা হিসেবে বেইজিংও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পাশাপাশি উন্নত চিপ তৈরির দুর্লভ খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটনে ট্রাম্প ও শির আগের বৈঠকগুলোর পর শুল্ক কিছুটা কমানো হলেও, চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করছিল- যদিও বেইজিং তা অস্বীকার করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইউক্রেন যুদ্ধ নিয়ে কি আলোচনা হবে

শেনজেনের এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ক্রেমলিন আগে এমন আলোচনার ইঙ্গিত দিলেও, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজে থেকে ইউক্রেন প্রসঙ্গ তুলবেন না। রাশিয়ার মিত্র চীনও মনে করে, এটি একান্তই ইউরোপের বিষয়।

মার্কিন কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন নিজস্ব উপায়ে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সপ্তাহেই মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করেছেন। এক কর্মকর্তা বলেন, চীন আসলে সেই পথের অংশ নয়, তাই সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা করাটা সমীচীন বলে মনে হচ্ছে না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। ট্রাম্পের অভিযোগ, জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না এবং রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনীয় হামলার কারণেই বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে। অন্যদিকে কিয়েভের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের ড্রোন পরিচালনার জন্য জরুরি স্টারলিংক স্যাটেলাইট সংযোগে বাধা দিচ্ছে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা

বৈঠক থেকে কোন পক্ষ কী চায়

বিশ্লেষকদের মতে, ভ্লাদিমির পুতিনের জন্য বৈঠকটি ইউক্রেন ইস্যুকে পাশ কাটিয়ে বিশ্বমঞ্চে নিজের শক্তি ও গুরুত্ব দেখানোর এক দারুণ সুযোগ। মস্কো-ভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাটারস্কি বলেন, এটি পুতিনকে সমকক্ষদের মধ্যে প্রথম এমন একটি অবস্থান দেবে, যা দেখিয়ে তিনি নিজ দেশে প্রমাণ করতে পারবেন যে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা কাঠামোতে তার প্রভাব অটুট রয়েছে।

অন্যদিকে চীন চায় ইরান যুদ্ধের দ্রুত সমাধান। কারণ, হরমুজ প্রণালি বন্ধ থাকায় তাদের নিজস্ব জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি, নিজেদের অংশগ্রহণ ছাড়া তৈরি পারমাণবিক চুক্তিতে জড়াতেও নারাজ বেইজিং। গত মাসেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনকে তথাকথিত ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে বলা ন্যায্য, যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত কোনোটিই হবে না।

ট্রাম্পের মূল লক্ষ্য হলো চীন ও রাশিয়াকে একই পারমাণবিক চুক্তির আওতায় আনা। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এর বিস্তার অত্যন্ত বিপজ্জনক। ইরান যুদ্ধ থামাতে না পারায় দেশের ভেতরে চাপে থাকা ট্রাম্প এ বৈঠককে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাতে চাইবেন। এছাড়া শি জিনপিং, পুতিন বা কিম জং উনের মতো শক্তিশালী নেতাদের কাতারে নিজেকে প্রভাবশালী হিসেবে দেখতে পছন্দ করেন তিনি। অধ্যাপক ম্যাবনের ভাষায়, আমার মনে হয়, এটি আরও বেশি লোকদেখানো হবে- ডোনাল্ড ট্রাম্প শান্তিস্থাপকের চেয়ে বিশ্বনেতার ভূমিকা পালন করবেন। তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় ট্রাম্পের দর কষাকষির ক্ষমতা কিছুটা কমিয়ে দিতে পারে, কারণ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস ইউক্রেনকে আরও জোরালো সমর্থন দিতে পারে।

এটা কি নতুন ইয়াল্টার সূচনা

বৈঠকটি ঘিরে ইতিহাসের পুরোনো অধ্যায়ও সামনে আসছে। রুশ সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান পিয়োতর তলস্তয় মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে একটি ‘নতুন ইয়াল্টা’ তৈরি হতে পারে। ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় জোসেফ স্তালিন, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল বৈঠক করে জার্মানিকে বিভক্ত করেছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠার পথ তৈরি করেছিলেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা ঠিক করে দিয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ ত্রিপক্ষীয় বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, এ বৈঠকে যেকোনো সিদ্ধান্ত বা চুক্তিই হোক না কেন, তা অন্য কোনো দেশের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।

/এমএকে/