শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতিতে কমলো তেলের দাম

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতিতে কমলো তেলের দাম
জ্বালানি তেল

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রাথমিক আলোচনা শেষ হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আলোচনার পর তেহরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য ছাড়পত্র পেয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ ঘাটতির উদ্বেগ কমিয়েছে।

সোমবার (২২ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ১.৯০% কমে ৭৯.০৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মূল্য ৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার হুমকি এবং তেহরানের হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণার ফলে সুইজারল্যান্ডে আলোচনা থমকে যায়। এর ফলে তেলের দাম বেড়ে ৮২.৩০ ডলারে পৌঁছেছিল।

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, মার্কিন ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সোমবার সুইজারল্যান্ডে তাদের প্রথম দফার আলোচনা শেষ করেছেন। গত সপ্তাহে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্তানুযায়ী, এপ্রিল থেকে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অন্তত ৬০ দিনের জন্য বাড়ানোর লক্ষ্যে রবিবার এই আলোচনা শুরু হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য ছাড়, জব্দকৃত কিছু সম্পদের মুক্তি এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়ে প্রতিশ্রুতি পেয়েছে।

এর আগে চুক্তি না হলে হরমুজ দখল করে যুক্তরাষ্ট্র টোল আদায় করবে, এমন ধারণা দিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমান সমঝোতা স্মারকে ৬০ দিনের জন্য টোল ছাড়া জলপথটি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় শনিবার ইরান প্রণালিটি পুনরায় বন্ধ ঘোষণা করে। এরপর ট্রাম্প এই হুমকি দেন।

সূত্র: রয়টার্স

/জেএইচ/