শিরোনাম

রাঙামাটিতে বিএনপি নেতা নিখোঁজ

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে বিএনপি নেতা নিখোঁজ
বিএনপি নেতা মো. মাসুদ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় একটি বাজারে মালামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ওই বিএনপি নেতার সন্ধান না মিললেও মালামাল বোঝাই করা অবস্থায় কাপ্তাই হ্রদে তার নৌকাটি পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) বিকালে কাপ্তাই হ্রদের গর্জনটিলা থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ওই বিএনপির নেতার নাম মো. মাসুদ। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকালে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকাল ৪টার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ​‘গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।’

​কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন।

/এসআর/