শিরোনাম

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা ইরানের

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: রয়টার্স

বারবার ‘আস্থা ভঙ্গ’ করছে যুক্তরাষ্ট্র– এমন অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইরান।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টুইটারে জানান প্রণালিটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে, জাহাজ চলাচল এখন ইরানের সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ নজরদারির’ আওতায় রয়েছে। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধ অব্যাহত থাকলে এই চলাচল বাতিল বলে গণ্য হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকবে। গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ আরোপ করেন ট্রাম্প।

এদিকে ইরানের একজন সামরিক মুখপাত্র বলেছেন, তেহরান প্রণালিটি দিয়ে ‘সীমিত সংখ্যক তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে’ যাওয়ার অনুমতি দিয়েছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের অতীতের মতোই আস্থাভঙ্গ করে যাচ্ছে এবং অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালাচ্ছে।’

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে মুখপাত্র বলেন, “কিন্তু দুর্ভাগ্যবশত, আমেরিকানরা তাদের বারবার বিশ্বাসভঙ্গের ইতিহাসকে সামনে রেখে, যা তাদের পূর্বের কর্মকাণ্ডের অংশ, তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ইরানের বন্দর থেকে জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

ইরানের এ ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/