শিরোনাম

ডিজেল সংকট: কুয়াকাটায় পর্যটক সেবা ব্যাহত

পটুয়াখালী সংবাদদাতা
ডিজেল সংকট: কুয়াকাটায় পর্যটক সেবা ব্যাহত
হোটেল। ছবি: সংবাদদাতা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ডিজেল সংকটের কারণে আবাসিক হোটেলগুলোর জেনারেটর সেবা ব্যাহত হচ্ছে। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা, বাড়ছে ভোগান্তি ও অসন্তোষ।

শনিবার (১৮ এপ্রিল) সরেজমিন দেখা যায়, কুয়াকাটায় প্রায় চার শতাধিক আবাসিক হোটেল রয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি হোটেলেই নিজস্ব জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তবে ডিজেলের অভাবে অনেক হোটেল তা চালাতে পারছেন না।

হোটেল আমির হামজার ম্যানেজার রাসেল সিটিজেন জার্নালকে বলেন, পাম্পে একাধিকবার লোক পাঠিয়েও ডিজেল পাওয়া যাচ্ছে না। এর ফলে জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না, পর্যটকরা ক্ষুব্ধ হচ্ছেন।

সৈকত

হোটেল বেস্ট সাউদার্নের জেনারেল ম্যানেজার মো. সাকুর বলেন, দ্রুত সংকট সমাধান না হলে হোটেল ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে হোটেল বুকিংও কমে যেতে পারে।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওহিদ বলেন, বিদ্যুত ঘাটতির এই সময়ে জেনারেটরই ছিল ভরসা। কিন্তু তেলের সংকটে সেটিও চালানো যাচ্ছে না।

জেনারেটর (1)

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, হোটেলগুলোর পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট যানবাহনও জ্বালানি সংকটে ভুগছে। হোটেল কর্তৃপক্ষকে এসিল্যান্ডের অনুমোদন নিয়ে পাম্প থেকে তেল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া অনুসরণ না করায় অনেক ছোট হোটেল সমস্যায় পড়ছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেন, জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে পর্যটনখাত ক্ষতিগ্রস্ত হবে।

/এসআর/