শিরোনাম

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই দেশের এই দ্বিপাক্ষিক আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৪ মে) চীন সফরের প্রথম পূর্ণ দিবসে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

চীনের প্রেসিডেন্টের ভবন গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ দিনভর চীনা প্রতিনিধি দলের সঙ্গে আমাদের অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা এবং বৈঠক হয়েছে। এই সন্ধ্যাকে তিনি বন্ধুদের মধ্যে আলাপচারিতার এক মূল্যবান সুযোগ বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

শি জিনপিংয়ের অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাকে এবং মাদাম পেংকে (চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান) আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত। আমরা আপনাদের অপেক্ষায় থাকব।

ভোজসভায় মার্কিন ও চীনা জনগণের মধ্যে ‘সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের’ প্রতি সম্মান প্রদর্শন করেন ট্রাম্প। তিনি বলেন, এটি বিশেষ এক সম্পর্ক। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এটি ছিল এক অসাধারণ সময়।

‘আজ আমাদের মধ্যে যেসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তা যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের জন্যই কল্যাণকর। আপনার সঙ্গে এই সময়টি কাটানো আমার জন্য ছিল সম্মানের,’ বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, আমেরিকান ও চীনা জনগণের সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকেই বিদ্যমান। এ সময় তিনি শি জিনপিংয়ের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে কঠোর পরিশ্রম, সাহস ও সাফল্যের মতো অনেক অভিন্ন মূল্যবোধ রয়েছে। আমরা দুই দেশ ঐক্যবদ্ধ থাকলে বিশ্ব এক অনন্য রূপ পায়।

গত ৯ বছরের মধ্যে প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু, রয়টার্স

/জেএইচ/